মেঘনা ঘাটে বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা ঘাট এলাকায় বিদ্যুৎকেন্দ্রের একটি ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শংকর নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৬টার দিকে মারা যান শংকর।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, গতকাল বুধবার (১৩ মে) দুপুর পৌনে ২টার দিকে দগ্ধ ১২ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৪৬ শতাংশ দগ্ধ শংকর আজ সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ডা. শাওন বিন রহমান আরও জানান, দগ্ধদের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে গুরুতর অবস্থায় পাঁচজন জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।