বাড্ডায় কাভার্ডভ্যান চাপায় রিকশাচালক নিহত

রাজধানীর বাড্ডায় একটি কাভার্ডভ্যান চাপায় জুয়েল মিয়া নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) বিকেল ৩টার দিকে উত্তর বাড্ডায় এ দুর্ঘটনা ঘটে। এতে তপন রায় নামে রিকশার এক যাত্রী আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই রিকশাচালক জুয়েল মারা যান। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
নিহত জুয়েল মিয়া (৩৮) নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে। তিনি গুলশানের কালাচাঁদপুর এলাকায় বসবাস করতেন।
জুয়েল মিয়ার শ্যালক আজিজুল মিয়া বলেন, ছয় মাস আগে বিয়ে করেন জুয়েল। শুক্রবার সকালে রিকশা নিয়ে বের হন। আফতাবনগর এলাকায় সার্জেন্ট রিকশা ধরে মামলা দেয়। দুপুরে ডাম্পিং করা রিকশা থেকে ব্যাটারি খুলে আরেক রিকশায় করে কালাচাঁদপুর যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কায় দেয়। এতে ছিটকে পড়ে জুয়েল ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, দুপুরের দিকে আফতাবনগর থেকে রিকশায় দুই যাত্রী গুলশান কালাচাঁদপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে জুয়েল ছিটকে পড়ে চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যান। আরেক যাত্রী তপন রায় আহত হন।
এসআই বলেন, ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি আটক এবং এর চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
