রাজউকের অভিযানে নকশাবহির্ভূত ভবন ও পার্কিংয়ে থাকা রেস্টুরেন্ট সিলগালা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন-৫/২ এর আওতাধীন এলিফ্যান্ট রোড এলাকায় নকশাবহির্ভূত ভবন নির্মাণ ও অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে রেস্টুরেন্ট পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। অভিযানে একটি রেস্টুরেন্ট সিলগালাসহ তিনটি ভবনের বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।
বুধবার (২২ এপ্রিল) রাজউকের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলিফ্যান্ট রোডের ১৯ নম্বর হোল্ডিংয়ে জাকিয়া কামালের মালিকানাধীন ছয়তলা ভবনটিতে রাজউক অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে পার্কিংয়ের জায়গায় ‘রোজ হ্যাভেন’ নামক একটি রেস্টুরেন্ট পরিচালনা করা হচ্ছিল। নিয়মভঙ্গের দায়ে ম্যাজিস্ট্রেট রেস্টুরেন্টটি সিলগালা করার নির্দেশ দেন এবং ভবনটির বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।
একই এলাকার ২০ নম্বর হোল্ডিংয়ে মো. আবুল হাসান আজাদের মালিকানাধীন একটি ভবনের পাইলিং কাজ চলাকালীন অভিযান চালায় রাজউক। নির্মাণাধীন ওই সাইটে কোনো অনুমোদিত নকশা প্রদর্শন করতে না পারা, সাইনবোর্ড না থাকা এবং নির্মাণকাজ সম্পর্কে রাজউককে অবহিত না করায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্নসহ মিটার জব্দ করা হয়।
এ ছাড়া এলিফ্যান্ট রোডের ৩১২ ও ৩১৩ নম্বর হোল্ডিংয়ে খবিরের মালিকানাধীন নির্মাণাধীন ভবনের গ্রাউন্ড ফ্লোরে কাজ চলাকালীন নকশার ব্যত্যয় পরিলক্ষিত হয়। এর ফলে ওই ভবনেরও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করা হয়েছে।
অভিযান চলাকালে রাজউকের অথরাইজড অফিসার মো. রকিবুল হাসান, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক ও ইমারত পরিদর্শকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজউকের জনসংযোগ ও প্রটোকল শাখার সহকারী পরিচালক মো. জোবায়দুল ইসলাম জানান, রাজধানীর পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে রাজউকের এই ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অব্যাহত থাকবে।