স্লিপার বাসের বৈধতার দাবিতে মালিকদের বনানী সড়ক অবরোধ

দেশজুড়ে চলা অবৈধ স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশ স্লিপার এসি মালিক সমিতির নেতাকর্মীরা। এতে ভোগান্তিতে পড়েছেন বনানী থেকে মহাখালীগামী গাড়িগুলোর যাত্রীরা।
রোববার (২৩ আগস্ট) দুপুর ১টা ১০ মিনিটে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সদর দপ্তরের সামনের সড়ক বন্ধ করে অবরোধ করেন তারা।
এর আগে সাংবাদিকদের কাছে তাদের দাবিগুলো জানান স্লিপার বাস মালিক সমিতির নেতাকর্মীরা। তাদের দাবিগুলো হলো—আদালতের চূড়ান্ত নিষ্পত্তির আগে স্লিপার বাসের বিরুদ্ধে কোনো বলপ্রয়োগ বা নিষেধাজ্ঞা আরোপ না করা, এ খাতে বিনিয়োগ ও শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা করা, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে স্লিপার বাস পরিচালনায় সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান, আইনি প্রক্রিয়া চলাকালে অযৌক্তিক জরিমানা, তল্লাশি ও গাড়ি আটক বন্ধ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিআরটিএর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্লিপার বাসকে একটি কার্যকর নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনা।
স্লিপার বাস খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ রয়েছে জানিয়ে সমিতির নেতারা জানান, চালক, হেলপার, সুপারভাইজার ও মেকানিকসহ হাজার হাজার শ্রমিকের জীবিকা এ খাতের ওপর নির্ভরশীল। কোনো বিকল্প ব্যবস্থা ছাড়া বাস চলাচল বন্ধ করা হলে মালিক ও শ্রমিকরা আর্থিক সংকটে পড়বেন।
স্লিপার বাস চলাচল নিয়ে হাইকোর্টে রিট পিটিশন নং-১২৯০/২০২৫ বিচারাধীন রয়েছে জানিয়ে নেতারা মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে স্লিপার বাসের বিরুদ্ধে বলপ্রয়োগ বা নিষেধাজ্ঞা আরোপ না করার আহ্বান জানান।
সমিতির পক্ষ থেকে স্মারকলিপি জমা দিতে গেছেন বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির সভাপতি আফতাব উদ্দিন মাসুদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবুসহ কয়েকজন।



