logo

রাজধানীতে কাভার্ডভ্যান-প্রাইভেটকার-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

রাজধানীতে কাভার্ডভ্যান-প্রাইভেটকার-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২
এশিয়া পোস্ট গ্রাফিকস

রাজধানীর বিমানবন্দর এলাকায় কাভার্ডভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দরের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেলের দুই আরোহী আরিফুর রহমান (৪০) ও মো. ফালু (৫৫)। ফালু ঘটনাস্থলেই নিহত হোন। অপরদিকে গুরুতর আহত অবস্থায় আরিফুর রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরিফুল পাবনার বেড়া উপজেলার বেদবাড়িয়া গ্রামের আউয়াল মোল্লার ছেলে। বর্তমানে তিনি ডেমরার কোনাপাড়া এলাকায় থাকতেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। এদিকে নিহত ফালুর বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আরিফুরকে হাসপাতালে নিয়ে যাওয়া চা দোকানদার আবুল হাসান জানান, সকালে বিমানবন্দর জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে কাভার্ডভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষ হয়। পরে মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ এসে মোটরসাইকেলটির চালক আরিফুরকে ঢাকা মেডিকেলে পাঠান।

অপরদিকে পোস্তগোলার 'মিতু এন্টারপ্রাইজ' নামের ভাঙারি দোকানের মালিক ফজলে রাব্বি জানান, আরিফুর তার দোকানে কাজ করেন। তাদের পাশের দোকানের কর্মচারী ফালু।

তিনি বলেন, সকালে আরিফুর ও ফালু মোটরসাইকেল নিয়ে গাজীপুরের টঙ্গীতে পুরাতন মালামাল কেনার জন্য দেখতে যাচ্ছিলেন। পরে ফোনের মাধ্যমে জানতে পারি তারা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

দুর্ঘটনার বিষয়ে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক মাহমুদ বলেন, জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে একজন ঘটনাস্থলে আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। কাভার্ডভ্যানের চালকও কিছুটা আহত হয়েছেন। কাভার্ডভ্যানটি ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে আছে।