Advertisement

দক্ষিণখানে গৃহবধূকে খুন, স্বর্ণালংকার লুট

এশিয়া পোস্ট প্রতিবেদক
দক্ষিণখানে গৃহবধূকে খুন, স্বর্ণালংকার লুট
নিহত রোকসানার বাসায় পুলিশ ও সিআইডির তদন্তকাজ পরিচালনা করে। ছবি : এশিয়া পোস্ট

রাজধানীর দক্ষিণখানে বাড়ির জানালার গ্রিল কেটে সারা রোকসানা পিনু (৪২) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। এরপর বাসা থেকে স্বর্ণালংকার ও টাকাপয়সা লুট করে নেওয়া হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরের দিকে দক্ষিণখান ফায়দাবাদের সারা কোটেজে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রোকসানা দক্ষিণখানের জামতলা পুলিশ ফাঁড়ি এলাকার সোহেল রানার স্ত্রী। এই তারা এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ওই বাড়িতে বসবাস করেন।

এ বিষয়ে নিহতের স্বামী সোহেল রানা এশিয়া পোস্টকে বলেন, 'আমি ডেভেলপার কোম্পানিতে চাকরি করি। বেলা ১১টার দিকে মেয়েকে স্কুলে দিয়ে আমি কর্মস্থলে যাই। পরে আমার মেয়ে স্কুল থেকে বাসায় ঢুকে তার মাকে বিছানায় পড়ে থাকতে দেখে।'

তিনি আরও বলেন, 'ঘটনার মধ্যবর্তী সময়ে আমার মেয়ে স্কুলে ছিল। আর ছেলে বাসার বাইরে ছিল। বাসায় আমার স্ত্রী একাই ছিলেন। খবর পেয়ে আমি বাসায় এসে সব মালামাল এলোমেলো অবস্থায় পাই। হত্যাকারী আমার স্ত্রীর স্বর্ণালংকার ও টাকাপয়সাও লুট করেছে।'

নিহত রোকসানার তৃতীয় শ্রেণিপড়ুয়া মেয়ে হাসিন ওয়ামী ঘটনার বর্ণনা দিয়ে এশিয়া পোস্টকে বলে, 'আমি বাসায় ঢুকে গেট খোলা পেয়ে রুমে ঢুকি। রুমের ঢুকার পর আমার মাকে অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখি। ওই সময় আমার মায়ের মুখে একটি বালিশ ছিল। পরে গেস্ট রুমের জানালার গ্রিল কাটা দেখতে পাই।'

সে আরও বলে, 'তারপর আমি ভাড়াটিয়াদের কাউকে না ডেকেই দৌড়ে স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে জানাই। পরে শিক্ষকসহ অন্য লোকজন এসে মাকে মৃত অবস্থায় পায়। এ সময় বাবাকে জানাই।'

ছবি : এশিয়া পোস্ট
ছবি : এশিয়া পোস্ট

নিহত রোকসানার ১১ বছর বয়সী ছেলে সালেহী ওহী এশিয়া পোস্টকে বলে, 'বাবা আমাকে ফোন করে দ্রুত বাসায় আসতে বলেন। এসে দেখি মা নেই। খুনিরা আমার মাকে খুন করে মায়ের গয়না ও টাকাপয়সা নিয়ে গেছে। আমি আমার মায়ের হত্যাকারীদের বিচার চাই।'

সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থলের বাড়িটি ষষ্ঠ তলা। আর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বাড়ির দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় বাড়ির মালিক থাকতেন। অন্যান্য ফ্লোর ভাড়া দেওয়া। ঘটনাটি জানাজানির পর থেকেই এলাকাবাসী বাড়ির আশপাশে ভিড় জমিয়েছেন। এর আগেও বাসায় গ্রিল কেটে মালামাল লুটের চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছেন নিহত রোকসানা পিনুর স্বজনরা।

এদিকে ঘটনার খবর পেয়ে বিকেল ৫টার দিকে দক্ষিণখান থানা পুলিশ আসে। পরে আলামত সংগ্রহের জন্য অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইম সিন ইউনিট রাত ৯টার তাদের কার্যক্রম শুরু করে। সর্বশেষ রাত ১০টা পর্যন্ত পুলিশ ও সিআইডির কার্যক্রম চালাতে দেখা যায়।

এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি এশিয়া পোস্টকে বলেন, 'আমাদের আগে কাজ করতে দেন। কাজ শেষ হলে পরে বিস্তারিত বলা যাবে।'

দক্ষিণখান জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আবুল হোসেন এশিয়া পোস্টকে বলেন, 'একটি হত্যাকাণ্ডের খবর পেয়েছি। কিন্তু আমি ট্রেনিংয়ে থাকার কারণে বিস্তারিত বলতে পারছি না।’