মজুরি বৃদ্ধির দাবিতে মিরপুরে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ

রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজপথে নামা পোশাকশ্রমিকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১০ গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এতে মিরপুর-১০ এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পুলিশ জানিয়েছে, বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা মিরপুর-১০ গোলচত্বরে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কেও যানজট সৃষ্টি হয়।
একপর্যায়ে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এদিকে শ্রমিকদের অবস্থানের কারণে মিরপুর-১০সহ আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে দায়িত্ব পালন করছে।

