ব্যাটারিচালিত অবৈধ রিকশা ও ফুটপাত দখলমুক্ত করবে সরকার: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর যানজট নিরসন ও জনভোগান্তি লাঘবে অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ এবং ফুটপাত দখলমুক্ত করতে সরকার নতুন নীতিমালা তৈরি করছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এতে বাংলাদেশ রিকশা-ভ্যান ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান মালিক ফেডারেশনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় মালিক ফেডারেশনের নেতারা জানান, ২০২১ সালে ডিএসসিসি এলাকায় প্রায় ২ লাখ ১২ হাজার প্যাডেলচালিত রিকশাকে লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে বর্তমানে লাইসেন্সবিহীন অবৈধ ব্যাটারিচালিত রিকশার দাপটে প্যাডেলচালিত রিকশা প্রায় বিলুপ্তির পথে।
এ সময় তারা প্রশাসকের কাছে লাইসেন্সকৃত যেসব প্যাডেল রিকশায় ব্যাটারি যুক্ত করা হয়েছে সেগুলোকে নতুন নীতিমালার আওতায় বৈধতা দেওয়া; ঢাকায় স্থায়ী রিকশামালিক ও চালক ছাড়া মৌসুমি চালক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং শহরের শৃঙ্খলা রক্ষায় অবৈধ রিকশা চলাচল বন্ধ করার দাবি জানান।
ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, রিকশা ঢাকার ঐতিহ্য হলেও বর্তমানে অবৈধ ব্যাটারিচালিত রিকশা নাগরিকদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। নগরীর শৃঙ্খলা ফেরাতে সরকার কাজ করছে।
তিনি বলেন, নতুন নীতিমালায় দুটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে, জনভোগান্তি নিরসন ও চালকদের জীবিকা নির্বাহের ভারসাম্য। নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট ডিজাইন, গতি ও নিরাপত্তা বৈশিষ্ট্য নিশ্চিত করে নির্দিষ্ট সংখ্যক রিকশা রাস্তায় চলার অনুমতি পাবে। এতে রাস্তায় বিশৃঙ্খলা কমবে।
এ সময় ঢাকার বাইরে থেকে যারা অবৈধভাবে ব্যাটারিচালিত রিকশা এনে ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে শহরের প্রকৃত রিকশাচালক ও মালিকদের প্রতি আহ্বান জানান প্রশাসক। তিনি স্পষ্ট করে বলেন, কোনোভাবেই শহরকে বিশৃঙ্খল হতে দেওয়া যাবে না।
মতবিনিময় সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।