ওসি-এসআইয়ের ওপর চাপাতি চালালেন ছিনতাইকারী, পুলিশের পাল্টা গুলি

মোহাম্মদপুরের আদাবরে চাপাতি ঠেকিয়ে দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনার পর ছিনতাইকারীদের আস্তানায় রুদ্ধশ্বাস অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানকালে ছিনতাইকারীদের চাপাতির আঘাতে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) তরুণ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাল্টা গুলিতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত চার জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন— রুবেল, আমির, কাশেম, মো. জয়। গুলিবিদ্ধ হয়েছেন, রুবেল ও আমির।
বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, সকালে আদাবরে চাপাতি ঠেকিয়ে দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় ছিনতাইকারীর চাপাতির আঘাতে আমি ও এসআই তরুণ আহত হন।
তিনি বলেন, আত্মরক্ষার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা গুলি চালালে ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ ছিনতাইকারীসহ মোট ৪ জনকে আটক করতে সক্ষম হয়েছে।



