পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে হুমকি

ভার্গো টোব্যাকোর বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ নিয়ে বক্তব্য নিতে গিয়ে প্রথমে ‘নিউজ না করার’ অনুরোধ এবং পরে হুমকির মুখে পড়েন কালবেলার সিনিয়র রিপোর্টার শেখ হারুন। হুমকিদাতা নিজেকে ক্যাপ্টেন রায়হান পরিচয় দেন এবং প্রতিবেদক বিষয়টি জনস্বার্থ-সংশ্লিষ্ট হওয়ায় প্রতিবেদন তৈরিতে অনড় থাকলে তাকে র্যাব-পুলিশ দিয়ে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন রায়হান।
এ ঘটনার পর সোমবার (১৬ মার্চ) নিউমার্কেট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক শেখ হারুন।
অভিযোগে শেখ হারুন বলেন, ‘দীর্ঘদীন ধরে সিগারেট উৎপাদনকারী কোম্পানি ভার্গো টোব্যাকো লিমিটেড অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বিক্রি করে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়েছে, যা জাতীয় রাজস্ব বোর্ডের তদন্তেও প্রমাণিত হওয়ার পর ভার্গো টোব্যাকোর বিরুদ্ধে কর ফাঁকির মামলা হয়। বিষয়টি যেহেতু জনস্বার্থ সংশ্লিষ্ট, তাই এ নিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য অভিযুক্ত কোম্পানির বক্তব্য নেওয়ার চেষ্টা করি। আর এতেই ক্ষিপ্ত হয়ে ক্যাপ্টেন রায়হান পরিচয় এক ব্যক্তি বিভিন্ন সামরিক এবং রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির পরিচয় দিয়ে আমার মোবাইল নম্বরে 01769-009956-এই নম্বর থেকে হুমকি দিতে থাকেন।’
তিনি আরও বলেন, ‘সবশেষ গত শনিবার ভার্গো টোব্যাকোর ডিএমডি অমল হালদারের বক্তব্য নেওয়ার পর রায়হান নামের ওই ব্যক্তি আবার কল দিয়ে উত্তেজিত হয়ে আমাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া শুরু করেন। এর কিছুক্ষণ পর ওই ব্যাক্তি আমার হোয়াটসঅ্যাপে দুটি ভয়েস ম্যাসেজ পাঠিয়ে এই বিষয়ে নিউজ না করার জন্য বলেন। একই সঙ্গে তিনি হুমকি দিয়ে বলেন, “যদি আমাকে বিষয়টা পার্সোনালি ডিল করতে হয়, সেটা আপনার জন্য ভালো হবে না, আপনার অবস্থা খুবই খারাপ হবে। নেক্সট টাইম আমি আপনার সঙ্গে ফোনে কোনো কথা বলব না। আপনি এবং আপনার ফ্যামিলি সুন্দর এবং শান্তিমতো থাকেন, আমাকে উত্তেজিত করবেন না।”’
শেখ হারুন অভিযোগে বলেন, ‘আমি কালবেলা সংবাদপত্র অফিস, নিউমার্কেটে অবস্থান করাকালীন এই ঘটনা ঘটে। এ অবস্থায় বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডাইরিভুক্ত করা একান্ত প্রয়োজন।’