logo

উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুরের দুই মামলায় রিমান্ডে ১৬ জন

উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুরের দুই মামলায় রিমান্ডে ১৬ জন

রাজধানীর উত্তরা এলাকার ‘উত্তরা স্কয়ার’ শপিংমলে ভাঙচুর, লুটপাট ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া দুটি পৃথক মামলায় গ্রেপ্তার ১৬ জনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘উত্তরা স্কয়ার’ মার্কেটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় হামলার পরের দিন একটি মামলা করা হয়েছে। সে সঙ্গে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে।

ওসি আরও বলেন, দুই মামলায় এখন পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গ্রেপ্তারের পর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে পাঠানো হয়। পরে আদালত শুনানি শেষে প্রত্যেকের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে থাকা ব্যক্তিরা সবাই দুটি মামলারই আসামি।

এর আগে রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের ‘উত্তরা স্কয়ার’ নামের একটি শপিংমলে ‘হত্যার পর মার্কেটে ভেতরে লাশ গুমের’ গুজব চালিয়ে রোববার (১৬ মার্চ) মধ্যরাত থেকে সোমবার (১৭ মার্চ) সকাল পর্যন্ত দফায় দফায় মার্কেটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সে সঙ্গে উত্তরার বিভিন্ন সেক্টরের সড়কের রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন রিকশাচালকরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উত্তেজিত চালকদের হামলা-ভাঙচুরে বাধা দিলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ৬ পুলিশ সদস্য আহত হন।