উত্তরায় অজ্ঞাত গাড়িচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

এশিয়া পোস্ট প্রতিবেদক
উত্তরায় অজ্ঞাত গাড়িচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
দুর্ঘটনার শিকার মোটরসাইকেল। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর উত্তরায় উড়াল সেতুতে অজ্ঞাত গাড়ির চাপায় মহসিন মামুন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

Advertisement

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ের উত্তরার আব্দুল্লাহপুর বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) উড়াল সড়কে বুধবার (২৪ জুন) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই মোটরসাইকেল আরোহী লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় রায়পুর গ্রামের মৃত মহসিন মুন্সির ছেলে। তিনি গাজীপুরের টঙ্গী কলেজগেট এলাকায় একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বিআরটি লেন দিয়ে গাজীপুরের দিকে যাচ্ছিলেন মোটরসাইকেল আরোহী মহসিন মামুন। এ সময় অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ এবং মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর এশিয়া পোস্টকে বলেন, মরদেহ উদ্ধার করে স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা কোনো অভিযোগ দেননি। তারা মামলা ও ময়নাতন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের অনুরোধ জানিয়েছেন।