রাজধানীতে অভিযান চালিয়ে ৪ বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৬

রাজধানীর গেন্ডারিয়া থানার স্বামীবাগ করাতিটোলা এলাকায় অভিযান চালিয়ে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সজীব (২৮), মো. হিমু (৩২), মো. তুষার (২৫), মো. জয় (২৫), মো. টুটুল (৩৩) ও মো. ইমরান (৩৪)।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
যুগ্ম পুলিশ কমিশনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার একটি বিশেষ দল মাতুয়াইল ইউ-টার্ন সংলগ্ন মুক্তি পেট্রোল পাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকারে তল্লাশি চালায়। প্রাথমিকভাবে কোনো মাদকদ্রব্য না পাওয়া গেলেও আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গেন্ডারিয়ার স্বামীবাগ করাতিটোলা এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখানে খাটের নিচে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় একটি প্রাইভেটকার ও ছয়টি স্মার্টফোনও জব্দ করা হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, প্রাথমিকভাবে গ্রেপ্তার সজীবকে ওয়ারী বিভাগের কথিত শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র-মাদকের গডফাদার সজল ওরফে ‘অটো সজল’-এর ছোট ভাই হিসেবে শনাক্ত করা হয়েছে।
ডিএমপির তথ্য মতে, গত ২ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শককে গুলি করে পালিয়ে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে গ্রেপ্তার তিন আসামির ১৬৪ ধারার জবানবন্দিতে জানানো হয় যে, ওই ঘটনায় ব্যবহৃত অস্ত্র সজল ওরফে অটো সজল সরবরাহ করেছিলেন। পরবর্তীতে গত ১৮ জুন সায়েদাবাদ এলাকা থেকে অটো সজলকে আটক করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্বামীবাগের বাসায় অভিযান চালিয়ে দুটি টরাস (TAURUS) ব্র্যান্ডের পিস্তল, চারটি ম্যাগাজিন, ৭৭ রাউন্ড গুলি, ৫৯ গ্রাম হেরোইন, হেরোইন প্রস্তুতের উপকরণ, নগদ ২২ হাজার ৯৬০ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, সর্বশেষ এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



