logo
Advertisement

উত্তরায় হোটেল থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
উত্তরায় হোটেল থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
এশিয়া পোস্ট গ্রাফিক্স

রাজধানীর উত্তরায় একটি হোটেলের কক্ষ থেকে লি শিংচিয়াং (৪০) নামের এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের মুনসুন কোর্টি ইয়ার্ড নামে একটি হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও হোটেল স্টাফদের বক্তব্য অনুযায়ী, অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে।

হোটেলটিতে মদ বিক্রি এবং সেবন করা যাবে, এমন কোনো অনুমোদন ছিল না বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছে। পাশের একটি বার থেকে সেখানে নিয়মিত মদ সরবরাহ করা হয়।

পুলিশ জানায়, সকালে উত্তরার মুনসুন কোর্টি ইয়ার্ডের ৯০৫ নম্বর কক্ষে ওই চীনা নাগরিককে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। একই হোটেলের ৪০৪ ও ৪০৬ নম্বর কক্ষে অবস্থানরত অপর তিন চীনা নাগরিক—গুও পেংফেই (GUO PENGFEI), গাও ঝেনলিয়াং (GAO ZHENLIANG) ও লিউ হাওলিন বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিক হোটেল কর্তৃপক্ষকে জানান।

পরে হোটেল কর্তৃপক্ষ উত্তরা পশ্চিম থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর সন্ধ্যায় এশিয়া পোস্টকে বলেন, ‘হোটেল থেকে একজন চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এক প্রশ্নের জবাবে ওসি খালিদ মুনসুর বলেন, ‘ওই চীনা নাগরিক মদ্যপ অবস্থায় থাকার প্রমাণ আমরা পেয়েছি। ধারণা করা হচ্ছে, সেই কারণের তার মৃত্যু হয়েছে।’