আদাবরে খাল পাড়ে পড়ে ছিল ব্যাগ, টান দিতেই বেরিয়ে এলো খণ্ডিত মাথা

রাজধানীর আদাবরে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আদাবর-১০ নম্বর বালুর মাঠ এলাকা থেকে মরদেহের ৩টি অংশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, খালপাড়ে একটি বস্তা দীর্ঘ সময় পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে কৌতূহলবশত একজন বস্তাটি টেনে সরানোর চেষ্টা করলে ভেতর থেকে প্রথমে একটি হাত বেরিয়ে আসে। পরে বস্তার ভেতর থেকে একটি মাথাও বেরিয়ে আসে। ধারণা করা হচ্ছে, মাথাটি এক তরুণীর।
পরবর্তীতে বিকেল সাড়ে ৫টার দিকে ময়লার স্তূপ থেকে দেহের অন্য অংশ উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পা খোঁজে পাওয়া যায়নি।
আদাবর থানার এএসআই তাহমিদুল এশিয়া পোস্টকে বলেন, ‘বস্তাটির সঙ্গে একটি ব্যাগও পাওয়া গেছে। স্থানীয় এক ছেলে ব্যাগটি দেখতে পেয়ে টান দিলে মাথার অংশটি আলাদা হয়ে বেরিয়ে আসে। পরে ব্যাগটি সরিয়ে ঘটনাস্থলে মরদেহের তিনটি খণ্ডিত অংশ পাওয়া যায়।’
ডিএমপির আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘ব্যাগের ভেতর থেকে আমরা এক নারীর দুই হাত, মাথা ও শরীরের অংশ পেয়েছি। এখন পর্যন্ত পা পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘ওই নারীর এখন পর্যন্ত পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্ত ও পা খোঁজার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
একই সঙ্গে কীভাবে ওই নারীকে হত্যা করা হয়েছে এবং মরদেহ সেখানে কে বা কারা ফেলে গেছে, তা খতিয়ে দেখছে বলে জানিয়েছে পুলিশ।


