কৃষি প্রকল্পে বিনিয়োগের নামে ৪০০ কোটি টাকা প্রতারণা, গ্রেপ্তার ১

নাজরান ফিশারীজ এন্ড এগ্রো নামের একটি কথিত কৃষি প্রকল্পে বিনিয়োগের নামে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ওবায়েদুল্লাহ (৩৩)।
তাকে রাজধানীর সবুজবাগ থানার বাসাবো এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার (৫ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিআইডি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নাজরান ফিশারীজ এন্ড এগ্রো প্রজেক্ট’ নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ করে আসছিল একটি চক্র। বিনিয়োগকারীদের প্রতি ১ লাখ টাকায় মাসিক ৩ হাজার টাকা লাভ এবং নির্দিষ্ট সময় শেষে দ্বিগুণ অর্থ ফেরতের প্রতিশ্রুতি দেওয়া হতো।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের মে মাসে ভাটারা থানার কুড়িল এলাকায় প্রকল্পটির অফিসে গিয়ে বাদী ও তার কয়েকজন পরিচিত ব্যক্তি প্রথমে কয়েক লাখ টাকা বিনিয়োগ করেন। পরে আংশিক অর্থ ফেরত দিয়ে আস্থা অর্জন করা হয়। এরপর ধাপে ধাপে আরও বড় অঙ্কের বিনিয়োগে উৎসাহিত করা হয় ভুক্তভোগীদের।
পরে ‘প্লট ক্রয় বাধ্যতামূলক’ করার কথা বলে মোট ১ কোটি ৬৩ লাখ টাকার বেশি অর্থ নেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। একপর্যায়ে অফিস বন্ধ করে চক্রটি আত্মগোপনে চলে যায়।
সিআইডির তদন্তে জানা গেছে, বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৪০০ কোটি টাকার বিনিয়োগের তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তির ব্যক্তিগত ১৪টি ব্যাংক হিসাবে প্রায় আড়াই কোটি টাকার লেনদেনের তথ্যও পাওয়া গেছে।
এছাড়া একই ঘটনায় আরও কয়েকটি মামলায় তার বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে সিআইডি।
সিআইডি বলছে, এ চক্রের আরও সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে সাধারণ মানুষকে অচেনা বা যাচাইবিহীন প্রতিষ্ঠানে উচ্চ মুনাফার প্রলোভনে বিনিয়োগ না করার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
এ বিষয়ে মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।