সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তুরাগে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

রাজধানীর তুরাগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তুরাগ থানা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ হাজী ওরফে মো. আলী এবং বাংলাদেশ আওয়ামী লীগের ৭ নম্বর সৈয়দপুর ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জামাল উদ্দিন (৪১)।
ওসি মোস্তাফিজুর জানান, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে তুরাগ থানাধীন খালপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, ২০২৫ সালের ২২ অক্টোবর তুরাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলাটি করা হয়। মামলায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সমর্থক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে উত্তরার ১৫ নম্বর সেক্টরে মেট্রোরেলের নিচের সড়কে সমবেত হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান, ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগ আনা হয়।
মামলাটি তদন্তকালে পুলিশ এজাহারনামীয় আসামিদের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চালিয়ে আসছিল। তদন্তে প্রাপ্ত তথ্য, সাক্ষ্য-প্রমাণ ও অনুসন্ধানে মোহাম্মদ হাজী ও মো. জামাল উদ্দিনের ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে পুলিশের দাবি।
ওসি বলেন, মোহাম্মদ হাজী ওরফে মো. আলী ওই ঘটনায় অর্থের যোগানদাতা হিসেবে সংশ্লিষ্ট ছিলেন।
তিনি জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মামলার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাদের নাম-ঠিকানা যাচাই-বাছাইসহ মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুজনকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার কার্যক্রম চলছে।
ওসি মোস্তাফিজ আরও বলেন, মোহাম্মদ হাজীর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ২০২৪ সালের একটি হত্যা মামলাসহ মামলা রয়েছে। অন্যদিকে জামাল উদ্দিনের বিরুদ্ধে ভোলার দৌলতখান থানায় ২০০৫, ২০০৯, ২০১৩, ২০২৪ ও ২০২৫ সালের বিভিন্ন মামলার তথ্য উল্লেখ করা হয়েছে। এসব মামলায় দণ্ডবিধি, অস্ত্র আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে।


