logo
Advertisement

এক দিনে রাজধানীতে নারীসহ ৫ জনের মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
এক দিনে রাজধানীতে নারীসহ ৫ জনের মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ছবি ডয়েচে ভেলে

রাজধানীর যাত্রাবাড়ী, মতিঝিল, শাহবাগ ও কামরাঙ্গীরচর এলাকার পৃথক স্থান থেকে এক নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের কারও পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিভিন্ন সময়ে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এরমধ্যে যাত্রাবাড়ী থানার শনির আখড়া ইউটার্ন এলাকায় ‘আরাফ কার ওয়াশ’র পাশ থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জুয়েল জানান, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় ভবঘুরে ঘোরাফেরা করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে রাস্তায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। বেলা সোয়া ১১টার দিকে মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে নেওয়া হয়।

মতিঝিলে নটরডেম কলেজের বিপরীত পাশের সড়ক থেকে অচেতন অবস্থায় প্রায় ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে উদ্ধার করেন নাসির নামে একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

উদ্ধারকারী নাসিরের ধারণা, দীর্ঘদিনের অসুস্থতা ও অনাহারের কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।

শাহবাগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে হাসপাতালের কর্মীরা। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী।

এদিকে, শাহবাগ থানাধীন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মোড়ের ফুটপাত থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) বিজয় মণ্ডল।

পুলিশ জানিয়েছে, ওই যুবক ভবঘুরে প্রকৃতির বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকা থেকে আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কামরাঙ্গীরচর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) প্রাণেশ্বর দাস জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি এলাকায় ঘোরাফেরা করতেন এবং ভবঘুরে প্রকৃতির ছিলেন।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।