logo

গাবতলীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
গাবতলীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

রাজধানীর দারুস সালাম থানার গাবতলী এলাকায় ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক রিকশাচালক নিহত হয়েছেন। নিহতের বয়স আনুমানিক ২০ বছর। এখনও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে গাবতলীর আল্লাহর দান হোটেলের সামনে ওই রিকশাচালককে অজ্ঞাতনামা দুই ব্যক্তি পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ছুরিকাঘাতে নিহত রিকশাচালক। ছবি: ডিএমপি
ছুরিকাঘাতে নিহত রিকশাচালক। ছবি: ডিএমপি

খবর পেয়ে দারুস সালাম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিএমপি জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দারুস সালাম থানা পুলিশকে জানানোর জন্য স্থানীয় জনসাধারণসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।