মিরপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল যুবকের

রাজধানীর মিরপুরের পল্লবী থানাধীন সাগুফতা মোড় এলাকায় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় সজীব (২৮) নামে এক যুবক নিহত হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুর পৌনে ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সজীবের গ্রামের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। তিনি মহিউদ্দিনের ছেলে। কিছুদিন আগেই তিনি বিয়ে করেছিলেন বলে জানা গেছে।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা তানভীর জানান, সজীব বিভিন্ন স্থানে কন্টাক্টভিত্তিক গ্রিলের কাজ করতেন। তার ওয়ার্কশপ ছিল মোহাম্মদপুর এলাকায়। সকালে পল্লবীর সাগুফতা মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণ করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
