logo

এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর ব্যবস্থা নিতে বললেন ডিএসসিসি প্রশাসক

এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর ব্যবস্থা নিতে বললেন ডিএসসিসি প্রশাসক

​গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটে সিলগালা ভেঙে পার্কিং এলাকায় সহস্রাধিক অবৈধ দোকান গড়ে তোলার বিষয়ে এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ। প্রতিবেদনটি আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

​সোমবার (৩০ মার্চ) এশিয়া পোস্টে ‘গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেট: সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটিতে মার্কেটের বেজমেন্টে করপোরেশনের ম্যাজিস্ট্রেটের সিলগালা ভেঙে প্রভাবশালী সিন্ডিকেট কিভাবে দুই মাসের মধ্যেই প্রায় ১ হাজার দোকান নির্মাণ করে শত কোটি টাকার হরিলুট করছে, সে তথ্য প্রকাশ করা হয়। 

​সংবাদটি প্রকাশের পর উক্ত সংবাদ প্রতিবেদনের ওপর হাতে লেখা একটি নির্দেশনা দেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। সেখানে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

 

করপোরেশন সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া সুপার মার্কেটের সিলগালা ভেঙে অবৈধ নির্মাণ দেখতে দ্রুতই সরেজমিন পরিদর্শন করবেন প্রশাসক মো. আবদুস সালাম।

ফুলবাড়িয়া মার্কেটের আন্ডারগ্রাউন্ড পার্কিং ও ফাঁকা জায়গায় অবৈধ দোকানের কারণে মার্কেটের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ক্রেতা-বিক্রেতাদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। এর আগে ২০২০ সালে সিটি করপোরেশন অভিযান চালিয়ে এসব দোকান ভেঙে ফেলে। জুলাই গণঅভ্যুত্থানের পর পুরনো সিন্ডিকেট প্রভাবশালীদের মদদে পুনরায় সেখানে মার্কেট নির্মাণ শুরু করে। 
 
​এদিকে, ডিএসসিসি প্রশাসকের এই কঠোর নির্দেশনার পর এখন অবৈধ দোকান উচ্ছেদে অভিযান শুরু হবে বলে আশা সাধারণ ব্যবসায়ীদের।