রাজধানীর আট স্থানে নৈশবাজার স্থাপনের চিন্তা করছে সরকার
ফুটপাত থেকে হকারদেরকে উচ্ছেদ করে তাদের পুনর্বাসনের জন্য রাজধানীর আটটি স্থানে নৈশবাজার স্থাপনের চিন্তা করছে সরকার।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।
তিনি আরও বলেন, অবৈধ ফুটপাত দখলকারীদের উচ্ছেদ চলছে। ফুটপাত উচ্ছেদ করে তাদের পুনর্বাসন করবে সরকার। সেজন্য রাজধানীর আটটি স্থানে নৈশবাজার স্থাপনের চিন্তা করছে সরকার।
এ সময় দেশে জ্বালানি তেলের মজুত কিংবা সরবরাহে কোনো সমস্যা নেই বলেও জানান ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, গত ১৯ এপ্রিল পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৬৩৩ মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে।
তিনি বলেন, সবাই বৈশ্বিক সংকটে রয়েছে। জ্বালানির দাম বাড়লে পণ্যের দামও সে অনুযায়ী সমন্বয় করা হবে। এছাড়া পরিবহনের ভাড়াও যৌক্তিকভাবে বৃদ্ধি করা হবে। যতটা কম ক্ষতি করে, কম ভাড়া বাড়ানো যায় সেই চেষ্টা করবে সরকার।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, সরকার ব্যাংক থেকে লোন নেওয়াতে জনগণের উপর নিশ্চয়ই এর প্রভাব পড়বে। তবে এখনও এটি রেড জোন পর্যায়ে চলে যায়নি। সরকার যদি লোন নেয়, সেটি জনগণের কল্যাণেই নেওয়া হবে।