ডেমরায় সুইমিংপুলে গোসল করতে গিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাজধানীর ডেমরা এলাকায় সুইমিংপুলে গোসল করতে গিয়ে ডুবে মো. সাকিব হোসেন (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ডেমরার কোনাপাড়া বালুরমাঠ এলাকায় শামসি গ্যালারির একটি সুইমিংপুলে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাকিবের বাবার নাম মো. আরিফ হোসেন। সাকিব দনিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
নিহতের বাবা আরিফ হোসেন জানান, সকালে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে তার ছেলে ডুবে যায়। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত সাকিব তাদের একমাত্র সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।