বিপুল অর্থসহ উত্তরায় কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

রাজধানীর উত্তরার কিশোর গ্যাং লিডার সাকিব হাসান সানি ওরফে পিচ্ছি সানিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে নগদ ১০ লাখ টাকা এবং একটি হোন্ডা সিভিক গাড়ি উদ্ধার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) রাতে এশিয়া পোস্টকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।
তিনি জানান, রোববার সকালে উত্তরা ৭ নম্বর সেক্টরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন বিএনএস সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগ্যাং লিডার সাকিব হাসান সানি ওরফে পিচ্চি সানি ওরফে ছোট সানি (২৩), সাইফুল ইসলাম (২০), নয়ন হোসেন আবির (২৯) এবং মেহেদী হাসান ওরফে শান্ত (২৮)।
ওসি খালিদ মুনসুর বলেন, সাকিব হাসান সানি কিশোর গ্যাংয়ের মূলহোতা হিসেবে পরিচিত। অপর তিনজন তার সহযোগী। তাদের কাছ থেকে নগদ ১০ লাখ টাকা এবং অপরাধকাজে ব্যবহৃত একটি হোন্ডা সিভিক গাড়ি উদ্ধার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তার সাকিব হাসান সানির বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দক্ষিণখান থানায় দুটি পেনাল কোডের মামলা, উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা এবং দক্ষিণখান ও উত্তরা পশ্চিম থানায় আরও কয়েকটি মামলা রয়েছে।
এ ছাড়া গ্রেপ্তার নয়ন হোসেন আবিরের বিরুদ্ধে দক্ষিণখান, রমনা, উত্তরা পূর্ব ও দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। মেহেদী হাসান ওরফে শান্তর বিরুদ্ধেও টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
অপরদিকে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ এশিয়া পোস্টকে বলেন, গ্রেপ্তার কিশোরগ্যাং লিডার সানিসহ চারজনকে আজ (রোববার) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে। পরবর্রীতে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।



