logo

তিন দিনে ১৪ বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে তালা

তিন দিনে ১৪ বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে তালা

রাজধানীর বিভিন্ন এলাকায় অনিবন্ধিত ও বেআইনিভাবে পরিচালিত স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অভিযানের তিন দিনে ১৪ বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। 

বুধবার (২৫ মার্চ) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বন্ধের তালিকা হাসপাতাল ও ক্লিনিকের পাশাপাশি ডায়াগনস্টিক সেন্টার, ব্ল্যাড ব্যাংক এবং প্যাথলোজি সেন্টার রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৩ মার্চ থেকে বুধবার (২৫ মার্চ) পর্যন্ত ঢাকার মোহাম্মদপুর, কলেজগেট, মিরপুর ও চানখারপুলে ১৯টি স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। এ সময় নিবন্ধন না থাকা, নিবন্ধনের মেয়াদ শেষ হলেও নবায়ন করা,  ভুয়া চিকিৎসক দিয়ে সেবা প্রদান, বিশেষজ্ঞ চিকিৎসক না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশ, বিএমডিসির অননুমোদিত বিদেশি ডাক্তারকে কর্তব্যরত অবস্থায় পাওয়াসহ নানা অসঙ্গতি পাওয়ায় ১৪টি স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে আর্থিক জরিমানা থেকে শুরু করে কারণ দর্শানো,  সিলগালা ও কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। 

অভিযানের প্রথম দিনে ২৩ মার্চ মিরপুরের ডক্টরস কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতারণার দায়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

দ্বিতীয় দিন, মঙ্গলবার চকবাজারের এ্যাকটিভ ব্ল্যাড ব্যাংক, ট্রান্সফিউশন অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, একই এলাকার প্রাইম টিজি ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, কলেজ গেটের যমুনা হাসপাতাল, একই এলাকার টিজি মাল্টি স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, প্রাইম ব্ল্যাড ব্যাংক বন্ধ করে দেওয়া হয়েছে। 

এছাড়াও আজ নিমতলির আহমেদ স্পেশালাইজড হাসপাতাল, নাজিমুদ্দিন রোডের ক্রিয়েটিভ ব্ল্যাড ব্যাংক, অথেনটিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, চানখারপুলের এডভান্স হেলথ এইড, একই এলাকার পিউর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সেন্টার এবং ঢাকা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হয়।