বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড, হাইকমিশনার ও স্ত্রী হাসপাতালে

রাজধানীর বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের চিকিৎসার জন্য রাজধানীর গুলশানে অবস্থিত কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৪টা ৫৫ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ভোরে আগুন লাগার সংবাদ পাওয়ার পর আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আমাদের টিম ভেতরে গিয়ে দেখে আগুন তেমন ছিল না, তবে প্রচণ্ড ধোঁয়া ছিল। পরে সামান্য কাজ করেই আমাদের ইউনিটগুলো দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসার টিভিতে বৈদ্যুতিক গোলযোগের কারণে এই আগুনের সূত্রপাত হয়।
এদিকে জানা যায়, আগুন নিয়ন্ত্রণে আসার সময় ও এর পরপরই পাকিস্তানি হাইকমিশনার ও তার স্ত্রী মোটামুটি সুস্থ ছিলেন। তবে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টির কারণে তারা অসুস্থ হয়ে পড়লে সকাল ৯টার দিকে তাদের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়।
সন্ধ্যার পর কন্টিনেন্টাল হাসপাতালের অ্যাডমিশন বিভাগে যোগাযোগ করা হলে তারা জানায়, আজ সকালে পাকিস্তানি হাইকমিশনার ও তার স্ত্রী হাসপাতালটিতে ভর্তি হয়েছেন। হাইকমিশনারের স্ত্রী বর্তমানে সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন এবং হাইকমিশনার নিজেই আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
