ঢাকায় বাসের ধাক্কায় আহত কর্মজীবী নারীর ঢামেকে মৃত্যু

রাজধানীর রমনা থানার মালিবাগ বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় লাকি বেগম (৪২) নামে এক চাকরিজীবী নারীর মৃত্যু হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গত ১৯ আগস্ট বিকেলে মালিবাগ বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের মেয়ে আমেনা আক্তার জানান, তার মা একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। অফিস শেষে বাসায় ফেরার পথে বাস থেকে নেমে মালিবাগ বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একই বাসের ধাক্কায় গুরুতর আহত হন। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর রোববার আইসিইউতে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, লাকি বেগমের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলার নজর মামুদ গ্রামে। তিনি আব্দুল খালেকের মেয়ে। বর্তমানে রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার স্বামীর নাম পলাশ মিয়া। তাদের একমাত্র সন্তান আমেনা আক্তার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


