Advertisement

বিএনপি নেতা হত্যাসহ ৩৬ মামলার আসামি লেদু হাসান আটক

এশিয়া পোস্ট প্রতিবেদক
বিএনপি নেতা হত্যাসহ ৩৬ মামলার আসামি লেদু হাসান আটক
মনোয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসান। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মনোয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

র‍্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখা থেকে বুধবার (২৯ জুলাই) সকালে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, বুধবার রাজধানীর মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লেদু হাসানের বিরুদ্ধে হত্যা, মাদক ও অস্ত্রসহ মোট ৩৬টি মামলা রয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার দুপুর ২টায় রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এতে ব্রিফিং করবেন র‍্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

র‍্যাব জানায়, সংবাদ ব্রিফিংয়ে গ্রেপ্তার অভিযানের বিস্তারিত, আসামির অপরাধমূলক কর্মকাণ্ড, হত্যা মামলায় তার সম্পৃক্ততা এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, গ্রেপ্তার লেদু হাসান দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।