সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

রাজধানীর সদরঘাট এলাকায় ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে শ্রমিক দলের নেতাকর্মীদের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সংঘর্ষে মিতুল (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) রাত ১১টার দিকে সূত্রাপুর থানাধীন ইস্ট বেঙ্গল মার্কেটের ১৫ তলায় এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত মিতুলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে রয়েছে।
নিহত মিতুলের বাবার নাম মো. রাসেল সরদার। তাদের বাড়ি ঝালকাঠি সদর থানার সাহাবাঙ্গল গ্রামে। স্থানীয় সূত্রের দাবি, মিতুল কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন।
মিতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সূত্রাপুর থানার অপারেশন ইনচার্জ মতিউর রহমান।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সাবেক যুবদল নেতা সোবহান ও সাবেক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিরণ—দুজনই সুমন ভুঁইয়ার অনুসারী। তারা দুজনই কোতোয়ালি থানা যুবদলের পদপ্রত্যাশী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে শনিবার রাতে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন।
সূত্রাপুর থানার অপারেশন ইনচার্জ মতিউর রহমান বলেন, ইস্ট বেঙ্গল মার্কেটের ১৫ তলায় শ্রমিকদের মধ্যে আগে থেকেই কোনো বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পূর্বশত্রুতার জেরে এক যুবককে কাপড় কাটার কাঁচি দিয়ে আঘাত করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



