চাঁদাবাজি মামলায় ফের গ্রেপ্তার মোফা বাবু

রাজধানীর খিলক্ষেতে চাঁদাবাজির একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মো. ইসমাইল হোসেন বাবু ওরফে মোফা বাবুকে (৩০) গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা-পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নিকুঞ্জ-২ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় ২৪ অক্টোবর খিলক্ষেত থানায় মামলা করা হয়। মামলার নম্বর ১৭। মামলায় বেআইনি সমাবেশ, পথরোধ, মারধর, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকিসহ দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩৮৫, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, মোফা বাবু দীর্ঘদিন ধরে নিকুঞ্জ-২ এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের সঙ্গে জড়িত। ২০২৫ সালের জুলাই ও অক্টোবরে দোকান ভাঙচুর, চাঁদা দাবি ও মারধরের অভিযোগেও তাকে আটক করা হয়েছিল।
চলতি বছরের জুলাইয়ে নিকুঞ্জ-২ এলাকার একটি রেস্তোরাঁর সামনে থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করেছিল বলেও জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, খিলক্ষেতের চিহ্নিত চাঁদবাজ ও একাধিক মাললার আসামি মোফা বাবুকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, চাঁদাবাজের কোনো দল নেই, চাঁদাবাজের একমাত্র পরিচয় সে চাঁদাবাজ ও অপরাধী। খিলক্ষেত থানা এলাকায় কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করার সুযোগ কাউকে দেওয়া হবে না।
