ঢাকার কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে আব্দুল মাবুদ (৫৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারারক্ষী মো. সাইফুল ইসলাম জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় কারাগারে থাকা আব্দুল মাবুদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আব্দুল মাবুদ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার হাজতি নম্বর ৩৩১/২৬। তিনি চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার হামিমপুর এলাকার আব্দুল সোবাহানের ছেলে। তবে কোন মামলায় তিনি হাজতি হিসেবে কারাগারে ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি কারারক্ষী।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


