logo
Advertisement

স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
ছবি: সবুজবাগ থানা থেকে পাওয়া

রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়ায় স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। খুন করার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে রেহেনা আক্তার (৪০) নামে ওই নারী আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে নন্দীপাড়া বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) আনোয়ার সাত্তার বলেন, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে রেহেনা আক্তার (৪০) নামে এক নারী ৯৯৯ নম্বরে ফোন করে জানান, আগের রাতে তিনি তার স্বামী মাহফুজুর রহমানকে (৪০) ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন।

খবর পেয়ে ৯৯৯ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিষয়টি সবুজবাগ থানাকে অবহিত করে। সংবাদ পেয়ে সবুজবাগ থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রেহেনা আক্তারকে গ্রেপ্তার করে।

পুলিশ পরিদর্শক জানান, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, পারিবারিক কলহ এবং স্বামীর পরকীয়ার অভিযোগে ক্ষুব্ধ হয়ে রেহেনা আক্তার এ হত্যাকাণ্ড ঘটান। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।