logo

মোহাম্মদপুর থেকে চুরি হওয়া চার্চের ৭০ কেজি পিতলের ঘণ্টা উদ্ধার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
মোহাম্মদপুর থেকে চুরি হওয়া চার্চের ৭০ কেজি পিতলের ঘণ্টা উদ্ধার
উদ্ধার হওয়া ঘণ্টা। ছবি: ডিএমপি

রাজধানীর মোহাম্মদপুরে সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দ্বিতীয় তলার উন্মুক্ত স্থান থেকে প্রায় ৭০ কেজি ওজনের একটি পিতলের ঘণ্টা চুরির ঘটনা ঘটেছে। পরে পুলিশের অভিযানে চুরি যাওয়া ঘণ্টাটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে পুলিশ অভিযান চালিয়ে ঘণ্টাটি উদ্ধার করে।

মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, ৯২ আসাদ এভিনিউয়ে অবস্থিত সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চে বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৩ মিনিটের পর কোনো একসময় ঘণ্টাটি চুরি হয়। ভোর ৪টা ৩৫ মিনিটে পুলিশ ঘটনাটি জানতে পারে। পরে ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চুরি যাওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চুরির ঘটনার আগে থেকেই চার্চের সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং বন্ধ ছিল। রাত ১২টা ৩ মিনিট থেকে ক্যামেরার রেকর্ডিং বন্ধ থাকার বিষয়টিও তদন্তে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

অভিযানের ধারাবাহিকতায় ওইদিন রাত ২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানাধীন জাকির হোসেন রোড এলাকার একটি ময়লার ডাস্টবিনের পাশ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় পিতলের ঘণ্টাটি উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি, ঘণ্টাটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, উদ্ধার করা ঘণ্টাটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করছে। পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে চুরির আগে চার্চের সিসিটিভি রেকর্ডিং বন্ধ হয়ে যাওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।