logo

সেই বৃদ্ধের সঙ্গে কথা বললেন তারেক রহমান, করলেন ভরণপোষণের ব্যবস্থা

সেই বৃদ্ধের সঙ্গে কথা বললেন তারেক রহমান, করলেন ভরণপোষণের ব্যবস্থা

রাজধানীর মগবাজারে ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উচ্ছেদ অভিযানে অবৈধ দোকানপাট ও স্থাপনার সঙ্গে সঙ্গে মাথা গোঁজার শেষ ঠাঁইটুকুও হারান ৮০ বছরের বেশি বয়সি নাঈমুদ্দিন। তবে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে স্থায়ী সহায়তা পাচ্ছেন তিনি।

উচ্ছেদ অভিযান চলাকালে প্রবীণ নাঈমুদ্দিনের কাছে গিয়ে থমকে যান দায়িত্বরত ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, এই দোকান উচ্ছেদ হবে না। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সেটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন সংস্থা, সংগঠন এবং ব্যক্তি ওই বৃদ্ধকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেয়। শুধু ব্যক্তি, সংস্থা বা সংগঠনই নয়, প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রবীণ নাঈমুদ্দিনের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় গঠিত ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন বলেন, তার মাধ্যমে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নাঈমুদ্দিনের সঙ্গে ফোনে কথা বলেন। নাঈমুদ্দিনের পাশে আজীবন থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী এবং তার স্থায়ী ঘর, চিকিৎসা এবং ভরণপোষণের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন আমরা বিএনপি পরিবারকে।

মিথুন বলেন, প্রবীণ নাঈমুদ্দিনের চিকিৎসা ও ভরণপোষণের সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয়েছে। রাজধানীর মগবাজারেই তার বর্তমান অবস্থানের কাছাকাছি এসব সুবিধা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

গতকাল বুধবার (১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উচ্ছেদ অভিযানের সময় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নাড়িয়ে দেয় সবাইকে। চারপাশে ভাঙচুর চললেও মানবিক দিক বিবেচনায় প্রবীণ নাঈমুদ্দিনের জীবিকার একমাত্র উৎস ছোট্ট দোকানটি উচ্ছেদ না করার নির্দেশ দেন তিনি। পরে এ নিয়ে সংবাদ প্রকাশ হলে বিষয়টি সবার নজরে আসে।