রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী নিহত

রাজধানীর কদমতলীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বে এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে অপর এক ছিনতাইকারী নিহত হয়েছেন। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তবে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিস্তারিত জানিয়ে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিন্নাত বলেন, খবর পেয়ে ভোররাত চারটার দিকে নামা শ্যামপুর বরইতলা এলাকায় গিয়ে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা গেছে ভোররাত চারটার দিকে নামা শ্যামপুর বরইতলা এলাকায় দুই ছিনতাইকারীর নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে একজন আরেকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে পথচারীরা থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ চলছে জানিয়ে এসআই জিন্নাত বলেন, ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



