logo

উত্তরায় হ্যাঁচকা টানে গৃহবধূর মৃত্যু, মামলা হলেও গ্রেপ্তার নেই 

উত্তরায় হ্যাঁচকা টানে গৃহবধূর মৃত্যু, মামলা হলেও গ্রেপ্তার নেই 

ঢাকার উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে ব্যাটারির রিকশা থেকে রাস্তায় পড়ে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কাউকে আটক বা শনাক্ত করতে পারেনি পুলিশ। 

শুক্রবার (২০ মার্চ) বিকেলে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এশিয়া পোস্টকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে, এদিন ভোরে নিহত গৃহবধূ মুক্তা আক্তারের (২১) স্বামী লিমন হোসেন তুরাগ থানায় বাদী হয়ে হত্যা মামলাটি করেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে রিকশা আরোহী ২১ বছর বয়সি মুক্তা আক্তারের ব্যাগ ধরে টান দেয় প্রাইভেটকারে থাকা ছিনতাইকারী। এ সময় হ্যাঁচকা টানে সড়কে পড়ে গুরুতর আহত হন তিনি। এরপর তিনটি হাসপাতাল ঘুরে দুপুর ২টার দিকে স্বজনরা ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মামলার বিষয়ে ওসি রফিকুল ইসলাম বলেন, অজ্ঞাতনামা ছিনতাইকারীদের আসামিদের করে একটি হত্যা মামলা করা হয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি। এখনও গাড়ি শনাক্ত করা সম্ভব হয়নি। শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল দক্ষিণ মেট্রোরেল স্টেশন থেকে প্রায় ৫০০ গজ দক্ষিণে হয়েছে। ঘটনাস্থল আমাদের থানার মধ্যে না। তবুও তাদের চাপের কারণে আমরা মামলা নিয়েছি।