দুদক কর্মকর্তার ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

রাজধানীর মোহাম্মদপুরে দুদক মহাপরিচালকের (অনুসন্ধান ও তদন্ত-২) ছিনতাই হওয়া দুইটি আইফোন উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এ সময় ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
রোববার (৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টায় জেনেভা ক্যাম্প এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- শাহজাদা ও রুবেল ওরফে বক্সার।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ছিনতাই হওয়া দুইটি আইফোন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
৭ মার্চ রাত ১১ টায় মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল কলেজের পাশে শহীদ ফারহান ফাইয়াজ চত্ত্বর (নানক চত্ত্বর) দিয়ে দূদক মহাপরিচালক হাঁটছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে তাকে ঘেরাও করে মারধর করে। তার কাছে থাকা আইফোন ৬ প্লাস ও আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলের দুইটি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার টাকা ও হাতের দামী একটি ঘড়ি নিয়ে যায়। পরে ফোনের পাসওয়ার্ড দিতে দেরি হওয়ায় ছিনতাইকারীরা তাকে আঘাত করে। এতে তার ঘাড়ে ও চোখে মারাত্মকভাবে আঘাত পান। বর্তমানে দুদকের ওই কর্মকর্তা সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি আছেন। এই ঘটনায় মোহাম্মদপুর থানা একটি মামলা দায়ের হয়।