খিলক্ষেতে বিমানবন্দর সড়ক অবরোধ সিএনজিচালকদের

রাজধানীতে তীব্র গ্যাস সংকট সমাধানের দাবিতে খিলক্ষেত এলাকায় বিমানবন্দর সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা।
বুধবার (২২ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে তারা সড়কে অবস্থান নিয়ে এই অবরোধ কর্মসূচি শুরু করেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তত শতাধিক সিএনজিচালক সড়কে অবস্থান নিয়ে গ্যাস সংকটের স্থায়ী সমাধানের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। অবরোধের ফলে খিলক্ষেত ও এর আশপাশের সড়কে শত শত যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
অবরোধে অংশ নেওয়া অটোরিকশাচালকরা জানান, শুধু সিএনজি পাম্পে গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়েই তাদের দিনের বড় একটি অংশ পার হয়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চাহিদামতো গ্যাস মিলছে না। ফলে প্রতিদিনের প্রত্যাশিত আয় একবারে নেমে এসেছে, যা দিয়ে মালিকের দৈনিক জমা ও সংসার চালানো দুষ্কর হয়ে পড়েছে।
পরিস্থিতি সম্পর্কে খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, মূলত গ্যাস সংকটের প্রতিবাদেই সিএনজিচালকরা সড়কে অবস্থান নিয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ।
.png)





