logo

৫ ঘণ্টায়ও নেভেনি চকবাজারের আগুন, নিয়ন্ত্রণে ইউনিট বাড়াল ফায়ার সার্ভিস

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
৫ ঘণ্টায়ও নেভেনি চকবাজারের আগুন, নিয়ন্ত্রণে ইউনিট বাড়াল ফায়ার সার্ভিস
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন লাগার ৫ ঘণ্টার পার হলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি। এ অবস্থায় আরও ৫ ইউনিট বাড়িয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। বর্তমান ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ০২ মিনিটে চকবাজারের ছোট কাটারা এলাকায় এসি মসজিদের পাশের ‘মুনসুর খান প্লাজা’ নামের বহুতল ভবনের ছয়তলায় অবস্থিত একটি দোকানে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে বিকেল ৫টা ০৪ মিনিটে নিকটস্থ ফায়ার স্টেশন থেকে গাড়িগুলো টার্ন আউট করে। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার হওয়ায় ট্রাফিক ও সরু গলি পেরিয়ে বিকাল ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত আগুন নির্বাপণ শুরু করে।

বর্তমানে সদরদপ্তর (হেডকোয়ার্টার্স) ও লালবাগ ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, পুরান ঢাকার ওই ঘিঞ্জি এলাকায় তাৎক্ষণিক পানির কোনও প্রাকৃতিক বা স্থায়ী উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের চরম বেগ পেতে হচ্ছে। দূর থেকে হোসপাইপ টেনে এবং পানিবাহী গাড়ির মাধ্যমে আগুন নেভানোর সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।