logo
Advertisement

শাহজালাল বিমানবন্দরে কমোডের ট্যাংকে মিলল সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসদৃশ পেস্ট

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
শাহজালাল বিমানবন্দরে কমোডের ট্যাংকে মিলল সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসদৃশ পেস্ট
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কমোডের ট্যাংক থেকে উদ্ধার করা স্বর্ণসদৃশ পেস্টসহ কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। ছবি : এশিয়া পোস্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়াশরুমের কমোডের ট্যাংক থেকে ৪.২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা এই পেস্টের প্রাথমিক বাজারমূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কাস্টমস হলের ১ নম্বর বেল্টসংলগ্ন ওয়াশরুমে অভিযান চালিয়ে এসব পেস্ট উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ জানান, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান। অভিযানে ওয়াশরুমের একটি হাই কমোডের ট্যাংকের ভেতর থেকে পলিথিনে মোড়ানো আটটি ডিমসদৃশ প্যাকেট উদ্ধার করা হয়। তবে প্যাকেটগুলোর কোনো দাবিদার পাওয়া যায়নি।

পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে প্যাকেটগুলো কাস্টমস হলের ইনভেন্ট্রি টেবিলে খোলা হয়। সেখান থেকে ৪.২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট পাওয়া যায়।

এনবিআর কর্মকর্তা আল-আমিন শেখ আরও জানান, উদ্ধার করা পেস্ট থেকে স্বর্ণ পৃথক করে এর প্রকৃত ওজন ও বিশুদ্ধতা নির্ধারণের প্রক্রিয়া চলছে। এজন্য রেজিস্টার্ড স্বর্ণকারের সহায়তা নেওয়া হচ্ছে।

প্রাথমিক হিসাবে উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫০ লাখ টাকা হতে পারে। তবে পরীক্ষা ও পৃথকীকরণ শেষ না হওয়া পর্যন্ত স্বর্ণের চূড়ান্ত পরিমাণ, বিশুদ্ধতা ও প্রকৃত মূল্য নিশ্চিত করা সম্ভব নয়।

উদ্ধার করা স্বর্ণসদৃশ পেস্টের প্রকৃত মালিক কে এবং কীভাবে তা ওয়াশরুমের কমোডের ট্যাংকে রাখা হয়েছিল—তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে এনবিআর।