ঈদুল আজহা সামনে রেখে রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা: ডিএমপি কমিশনার

ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
তিনি বলেছেন, ঈদকে সামনে রেখে জাল টাকা চক্র, অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে পশুর হাট, বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশন এলাকায় বিশেষ নজরদারি বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ঈদকে কেন্দ্র করে রাজধানীতে মানুষের চলাচল ও কেনাকাটা বাড়বে। এ সুযোগে অপরাধীরা সক্রিয় হয়ে উঠতে পারে। তাই প্রতিটি থানা এলাকায় ফুট পেট্রোল জোরদার করতে হবে এবং সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাতে হবে। বিশেষ করে জাল টাকার বিস্তার ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, পশুর হাটগুলোকে কেন্দ্র করে যেন কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে ট্রাফিক বিভাগকে আগাম প্রস্তুতি নিতে হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, হাটসংলগ্ন এলাকা এবং আন্তঃজেলা যাতায়াত কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশও দেন তিনি।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম বলেন, বর্তমানে ঢাকা মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তবে এই পরিস্থিতি ধরে রাখতে পুলিশ সদস্যদের আরও বেশি দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে। চলমান বিশেষ অভিযানে চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদক কারবারিদের গ্রেপ্তারে জোর দেওয়ার আহ্বান জানান তিনি।
অপরাধ পর্যালোচনা সভায় এপ্রিল মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং জননিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার তাদের হাতে সম্মাননা তুলে দেন।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনসহ ডিএমপির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া মহানগরের সব থানার অফিসার ইনচার্জ (ওসি), উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনাররাও সভায় অংশ নেন।
ডিএমপি সূত্র জানিয়েছে, ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে শিগগিরই বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এতে গোয়েন্দা নজরদারি, চেকপোস্ট বৃদ্ধি, মোবাইল টহল ও সাদা পোশাকে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।