এমআরটি লাইন-৬/বদলানো হচ্ছে বিয়ারিং প্যাড, বসানো হলো ১০টি স্টিল ব্র্যাকেট

মেট্রোরেলের এমআরটি লাইন-৬-এর নিরাপত্তা নিশ্চিতে হাইকোর্ট বিভাগের নির্দেশনায় গঠিত সেফটি অডিট কমিটির প্রতিবেদন ও সুপারিশ বাস্তবায়নে একাধিক পদক্ষেপ নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এর অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত বিয়ারিং প্যাড প্রতিস্থাপনের পাশাপাশি ১০টি স্টিল ব্র্যাকেট স্থাপনের কাজ শেষ হয়েছে। একই সঙ্গে ২৭টি পিয়ার হেডে সেটেলমেন্ট মার্কার স্থাপনের কাজ চলছে।
সোমবার (১০ আগস্ট) সেফটি অডিট কমিটির সুপারিশ বাস্তবায়ন কমিটির ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। সভায় সেফটি অডিট কমিটির সুপারিশের অনুযায়ী এর মধ্যে গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপসমূহ ও বাস্তবায়ন অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়।
ডিএমটিসিএল জানিয়েছে, উচ্চ আদালত কর্তৃক গুরুত্বারোপিত পিয়ার নম্বর ৪২৩, ৪৪২, ৪৪৬ ও ৪৪৮-এ মোট ১০টি স্টিল ব্র্যাকেট স্থাপনের কাজ শেষ হয়েছে। পিয়ার-৪৪৮-এর বিয়ারিং প্যাড স্থাপনের কাজও শেষ হয়েছে। বর্তমানে মজুদ পাঁচটি বিয়ারিং প্যাড দ্রুত প্রতিস্থাপনের কাজ চলছে এবং প্রয়োজনীয় ২২টি প্যাড কেনার প্রক্রিয়া চলছে।
এ ছাড়া কাঠামোগত ওঠানামা বা সেটেলমেন্ট পর্যবেক্ষণের জন্য ২৭টি পিয়ার হেডে সেটেলমেন্ট মার্কার স্থাপন করা হবে, যার মধ্যে পাঁচটি মার্কার কেনা হয়েছে। ২৭টি ক্র্যাক গেজ স্থাপন করা হবে, যার মধ্যে দুটি ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। অবশিষ্ট সংখ্যক সরঞ্জাম সংগ্রহের প্রক্রিয়াও চলছে। একই সঙ্গে পিয়ার হেড ও বক্স গার্ডারের ফাটল পর্যবেক্ষণের জন্য মোট ১০২টি ক্র্যাক গেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে, ইতিমধ্যে তিনটি কেনা হয়েছে এবং অবশিষ্ট গেজগুলোও সংগ্রহ করা হচ্ছে।
ডিএমটিসিএল আরও জানিয়েছে, পিয়ার হেড ও বক্স গার্ডারের ক্র্যাক বা ফাটলের স্থায়ী সমাধানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) স্ট্রাকচারাল কনসালটেন্ট বা কারিগরি উপদেষ্টা হিসেবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্পার্কিং সমস্যা চিহ্নিত করে প্রকৌশলী দল এর মধ্যে তদন্ত সম্পন্ন করেছে। ইনসুলেটেড ওভারল্যাপ (আইওএল) পুনঃনির্ধারণের জন্য নকশা পরিবর্তনের কার্যক্রম শুরু হয়েছে।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সব স্টেশন ও বিদ্যুৎকেন্দ্রের ওয়াটারপ্রুফিংয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। পাওয়ার আউটেজ পরিস্থিতিতে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সমন্বয়ের জন্য বিশেষ জরুরি সেবার লাইভ-টেস্ট সাফল্যের সঙ্গে শেষ হয়েছে। এসব পদক্ষেপ শুধু তাৎক্ষণিক সুপারিশ বাস্তবায়নের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সেফটি অডিট কমিটির মধ্যমেয়াদি সুপারিশসমূহ বাস্তবায়নের জন্যও প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করা হয়েছে।
.png)


