আইনশৃঙ্খলা রক্ষায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি পুলিশ সদস্যকে নিজ নিজ অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই। তাই পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের স্বার্থে নয়, বরং জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সম্পূর্ণ নিরপেক্ষ, পেশাদার ও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
সোমবার (১৩ জুলাই) ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব নির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে প্রতিটি থানাকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে জোরদার অভিযান পরিচালনার পাশাপাশি ছিনতাইকারী, মাদক কারবারি, চাঁদাবাজ ও অন্যান্য অপরাধী চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখতে হবে। কোনো ধরনের অপরাধ যাতে থানা এলাকায় সংঘটিত হতে না পারে, সে জন্য সর্বোচ্চ সতর্কতা, গোয়েন্দা নজরদারি ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি। তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে আইন, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনগণের জানমাল রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং সেবার মান উন্নয়নে প্রতিটি পুলিশ সদস্যকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ডিএমপি কমিশনার আরও বলেন, দায়িত্বশীল ও প্রশংসনীয় কাজের যথাযথ মূল্যায়ন করা হবে। ভালো কাজের স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে। অন্যদিকে দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ কিংবা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।
সভায় জুন মাসে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন ডিএমপি কমিশনার। এ সময় তিনি পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও একই নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামসহ ডিএমপির সব থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





