কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকাশ বিশ্বাস (২৪) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারারক্ষী সুজন মাহমুদ জানান, কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে আকাশ বিশ্বাসকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
তিনি জানান, আকাশ বিশ্বাস কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের একজন কয়েদি ছিলেন। তার কয়েদি নম্বর ১৩২০/এ। তিনি যশোর জেলার কোতোয়ালি থানার পূর্ব বারান্দীপাড়া এলাকার আব্দুল গফুর বিশ্বাসের ছেলে।
তবে কোন মামলায় তিনি কারাগারে বন্দি ছিলেন, সে বিষয়ে কারারক্ষী কোনো তথ্য জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে আকাশ বিশ্বাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।