টানা ৩ দিন ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

মেগাসিটি ঢাকায় দিন দিন বায়ুদূষণ বাড়ছে। বিশেষ করে শীতকালে ভয়াবহ আকার ধারণ করছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। টানা তিন দিন ধরে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’। এ ছাড়া দূষিত শহরের তালিকায় প্রায় প্রতিদিনই শীর্ষ তিনের মধ্যে থাকছে মেগাসিটির নাম। মূলত বৃষ্টিপাত না থাকার পাশাপাশি শুষ্ক আবহাওয়ার কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে।
রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ২৭৫ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।
এ ছাড়া স্কোর ৬০৪ নিয়ে প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি। ৩৩৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং ২৭৫ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ঢাকা।
তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
ঢাকায় এমন ভয়াবহ বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।
এই দূষণ সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।