ধানমন্ডি লেকে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

নগরীর সৌন্দর্য সংরক্ষণ, জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিতকরণ এবং সরকারি উন্মুক্ত স্থান অবৈধ দখলমুক্ত রাখতে ধানমন্ডি লেক এলাকায় উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
মঙ্গলবার (৩০ জুন) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
ডিএসসিসি সূত্র জানায়, অভিযানকালে ধানমন্ডি লেক এবং লেক-সংলগ্ন বিভিন্ন সেক্টরের অভ্যন্তরে ইজারার শর্ত ও আওতাবহির্ভূত সব অবৈধ অস্থায়ী স্থাপনা, টং দোকান ও হকারদের উচ্ছেদ করা হয়। উচ্ছেদ শেষে এলাকাটি জনসাধারণের জন্য উন্মুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। এছাড়া, ফুটপাত ও উন্মুক্ত স্থান অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৪টি মামলা দায়েরের মাধ্যমে নগদ তিন হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর উন্মুক্ত স্থান, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এই ধরনের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান আগামীতেও চলমান থাকবে।
একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য তিলোত্তমা ঢাকা গড়ে তুলতে অবৈধ দখলদারিত্ব থেকে বিরত থেকে নগরবাসীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কর্পোরেশন কর্তৃপক্ষ।






