Advertisement

শুক্রবার ঢাকায় রাজশাহী কলেজিয়েট স্কুলের ‘স্কুল ডে-২০২৬’

এশিয়া পোস্ট নিউজ
শুক্রবার ঢাকায় রাজশাহী কলেজিয়েট স্কুলের ‘স্কুল ডে-২০২৬’
ছবি : সংগৃহীত

রাজশাহীর অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ‘স্কুল ডে ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা (আরসিএসএএ) এর উদ্যোগে শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর মিরপুরে পিএসসি কনভেনশন হলে এই অনুষ্ঠান আয়োজিত হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আরসিএসএএ এর সভাপতি প্রকৌশলী মোঃ আবু তাহের এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি আহম্মেদ মুঈদ শিমুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১৮২৮ সালে প্রতিষ্ঠিত রাজশাহী কলেজিয়েট স্কুল উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ প্রায় দুই শতাব্দীর পথচলায় প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন ক্ষেত্রে অসংখ্য কৃতী ও গুণী ব্যক্তিত্ব উপহার দিয়েছে।

‘স্কুল ডে ২০২৬’-এর মূল লক্ষ্য হলো বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করা এবং প্রতিষ্ঠানের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করা। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, স্মৃতিচারণ এবং নৈশভোজের আয়োজন থাকবে।

রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা আশা প্রকাশ করছে, দেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত কলেজেটিয়ানরা এ আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের শিকড় ও স্মৃতির সঙ্গে নতুন করে সংযুক্ত হওয়ার সুযোগ পাবেন।