অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যার ঘটনায় ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীতে অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যার ঘটনায় অজ্ঞানপার্টি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ওয়ারী থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন মো. দেলোয়ার হোসেন ওরফে হৃদয় (৪০), মো. মানিক সরদার (৫২) ও মো. লিটন (৫০)।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৮ জুন রাত প্রায় ৯টার দিকে খিলগাঁও থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন চালক দিদারুল ইসলাম। পরদিন ২৯ জুন ভোর প্রায় ৪টার দিকে ওয়ারী থানাধীন নবাবপুর রোড থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২ জুলাই রাত প্রায় ১০টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রথমে ওয়ারী থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়।
মামলার তদন্তে ওয়ারী থানা পুলিশের একটি দল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে। পরে বুধবার (৮ জুলাই) রাত প্রায় ৩টার দিকে গাজীপুরের শ্রীপুর, ঢাকার কেরানীগঞ্জ এবং ডিএমপির লালবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত একটি অটোরিকশা, ছিনতাইয়ে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা অজ্ঞানপার্টি চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা যাত্রী সেজে অটোরিকশা চালকদের অজ্ঞান করে অটোরিকশা ও অন্যান্য মালামাল ছিনতাই করত বলে জানা গেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





