logo

ঢাকায় বাসের ধাক্কায় প্রাণ গেল ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটরের

ঢাকায় বাসের ধাক্কায় প্রাণ গেল ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটরের
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারের ওয়্যারলেস মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাসের ধাক্কায় এ আর আকতারুল আলম (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি একটি ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটর হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আহত অবস্থায় আকতারুল আলমকে হাসপাতালে নিয়ে যাওয়া মো. ইমাম মেহেদী জানান, সন্ধ্যার দিকে মগবাজারের ওয়্যারলেস মোড়ে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আকতারুল আলমের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামে। তিনি মোহাম্মদ ইউসুফ মল্লিকের ছেলে। বর্তমানে রাজধানীর বাড্ডা এলাকার মেরুল বাড্ডায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।