ছিনতাইয়ের প্রস্তুতির সময় হাতেনাতে গ্রেপ্তার ৭

রাজধানীর তেজগাঁও থানার কাওরান বাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে সাতজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। অভিযানের সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত তিনটি ধারালো চাকু ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
বুধবার (১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে সিটিটিসির সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কাওরান বাজার এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ঘটনাস্থল থেকেই সাতজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মো. বাবু (২৪), মো. সবুজ (২৯), মো. শামীম ওরফে সাগর (২৫), মো. রাজন মিয়া (৩০), মো. ইসলাম (২৩), মো. রাসেল মিয়া (২৯) ও ইমন হোসেন (১৯)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত তিনটি ধারালো চাকু ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সংঘবদ্ধভাবে ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিল। গোপন তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করায় সম্ভাব্য একটি ছিনতাইয়ের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
সিটিটিসি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাদের সঙ্গে অন্য কোনো অপরাধী চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না এবং তারা পূর্বে সংঘটিত কোনো ছিনতাই বা ডাকাতির ঘটনায় জড়িত ছিল কি না, সে বিষয়েও তদন্ত চলছে।






